বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয় টাইগারদের। এরপর ৫ নভেম্বর দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। এক সপ্তাহ বিশ্রাম পান। শনিবার থেকে আবার অনুশীলনে নেমে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসান ও তামিম ইকবাল এখনও ফিট নন। তারা এখনই প্রস্তুতি শুরু করতে পারবেন কিনা নিশ্চিত না।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে। তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। ১৯, ২০ ও ২২ নভেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ নভেম্বর প্রথম ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। টি২০ সিরিজ নিয়েই বেশি ভাবনা আছে। বিশ্বকাপে যে বাজে খেলা হয়েছে। এ সিরিজকে সামনে রেখেই অনুশীলন শুরু হবে। শনিবারের মধ্যে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করে দেওয়া হবে।
সেই স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দেবেন। আগামীকাল জাতীয় দলের কোচরা বাংলাদেশে এসে পড়বেন। ক্রিকেটারদের নিয়ে শনিবার অনুশীলনে নেমে পড়বেন। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দল ঘোষনা নিয়ে শুরুতে বলেন, ‘এটা তো নির্বাচকরা বলতে পারবেন। আমি চাই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক, তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো। ছেলেদের ট্রেনিং শুরু করার দরকার। হাতে বেশি সময়ও নেই। কাল তো শুক্রবার, পরশু হয়ত দিয়ে দিবে।’
অনুশীলন শুরু হওয়া নিয়ে সুজন বলেন, ‘১৩ তারিখ থেকে অনুশীলন শুরু হওয়ার কথা বলেই কোচরা ১২ তারিখ আসছে বলে জানি। এর মধ্যে পুরো দল দিয়ে দিলে বা প্রাথমিক দল দিলে ১৩ তারিখ থেকেই কাজ করব ইনশাআল্লাহ্।’
সাকিব আল হাসান ও তামিম ইকবাল এখনও ফিট নন। তাদের অবস্থা কী? এ নিয়ে সুজন জানান, ‘ওদের খবর ফিজিও বলতে পারবে। বিবেচনায় আছে কি না নির্বাচকরা দেখবে। রিপোর্টটা আমি এখনও দেখিনি। আমি মাত্র ৭-৮ জন ছেলের সাথে কাজ করছি। তামিমের ফিটনেসের ব্যাপারে ক্লিয়ারেন্স পায়নি। ওর ব্যথা আছে এখনও। সাকিবের ইস্যু একদমই বলতে পারব না।’