শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপুর বাজার মাঠে এ পথসভায় হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে। তার এই ঘোষণায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও আশ্বাস দেন সরকারপ্রধান। তিনি বলেন, কুমিল্লা ও আশপাশে প্রচুর শাক-সবজি ও কৃষিপণ্য উৎপাদিত হয়। তাই এখানে একটি কৃষিবিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে পথসভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার পাশাপাশি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তার বক্তব্যের সময় উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানান।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি কুমিল্লা সদর হাসপাতালকে আড়াই শ থেকে তিন শ শয্যায় উন্নীত করার দাবি জানান।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ পথসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
চাঁদপুর সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এদিন শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজ এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।