শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি:: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সনন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে তার মরদেহ পাওয়া যায়।

উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। এ ঘটনায় রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ১৩ বছর বয়সী অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতিম অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে একটি ছেলের সঙ্গে তাকে হাত মেলাতে এবং প্রায় এক ঘণ্টা কথা বলতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে ওই ছেলেকে দেখা গেলেও তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের দুটি দল অপ্রতিমের সন্ধানে কাজ করছিল। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, আমরা নিখোঁজ শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পেয়েছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সেই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

অপ্রতিমের মা নাহিদা বেগম ফেসবুক স্ট্যাটাসে জানান, দুপুরে আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে সে বের হয় বন্ধুদের সঙ্গে। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com