বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

কালিয়াকৈরে ২৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামী ব্র্যান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাত করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

গ্রেপ্তাকৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার চর লক্ষীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। তারা বর্তমানে যথাক্রমে গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে টাঙ্গাইলগামী যাত্রীছাউনির সামনে মৌচাক পুলিশ ফাঁড়ির (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে চেকপোস্ট চলাকালে ঢাকা মেট্রো-ন-২৩-১৫৮৭ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে থাকা ৫০ কার্টনে POPULAR ও DESH BLACK ব্র্যান্ডের নামে পাঁচ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলোর চালান ও কাস্টমসসংক্রান্ত কাগজপত্র দেখতে বলেন গাড়িতে থাকা কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় দুইজনকে পুলিশ আটক করে। উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়। নকল সিগারেটের তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার পুলিশ হেফাজতে রেখে তথ্য সংরক্ষণ করেন। পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে গাজীপুরে জেল হাজতে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জাল রাজস্ব স্ট্যাম্পযুক্ত নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com