শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ ও কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সকল বোর্ডে পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে ৩১০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ লাখ ৩৯৩ জন। রাজশাহী বোর্ডে ২০৮ কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০, দিনাজপুরে ২১২ কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ ও যশোর বোর্ডে ২৪০টি কেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ২১০ জন।

চট্টগ্রামের ১১৪টি কেন্দ্রে এবার পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮, সিলেটের ৯৬ কেন্দ্রে ৭১ হাজার ৭১১, কুমিল্লার ১৯৩ কেন্দ্রে ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহের ১১১ কেন্দ্রে ৭৩ হাজার ৩৭ ও বরিশালের ১৪২টি কেন্দ্রে ৫৮ হাজার ৬৬৪ জন।

এ ছাড়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সারা দেশে ৪৬১টি পরীক্ষাকেন্দ্রে ৯২ হাজার ৯০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনাসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার নকল প্রতিরোধে ডিজিটাল নজরদারি চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com