বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন প্রজন্মের জেমিনি ৪ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। ‘আর্গন’ নামের নতুন মডেলটিকে গুগলের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করছে না গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এআই মডেল প্রকাশের আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারের স্বেচ্ছামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছে গুগল। তবে আর্গন কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত কয়েকটি মানদণ্ডে আর্গন অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় এগিয়ে নেই মডেলটি। বিশেষ করে কোডিং-সংক্রান্ত চারটি পরীক্ষার মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল আর্গন।

এই সময়ের মধ্যে গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস দায়িত্বে পরিবর্তন এনেছেন। পাশাপাশি জেমিনি মডেল উন্নয়নের সঙ্গে যুক্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন।

জেমিনি মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের মধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই তাদের শীর্ষ মডেলগুলোর নতুন সংস্করণ প্রকাশ করেছে। ফলে এআই উন্নয়নের প্রতিযোগিতায় গুগল পিছিয়ে পড়ছে এমন আলোচনা শুরু হয়। তবে গত জুলাইয়ে পিচাই এমন ধারণার বিরোধিতা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com