বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
আফগানকে ৮ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপ রবিবার ৭ নবেম্বর আবুধাবিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে থমকে গিয়েছিল গোটা ভারত! সেমির পথে শেষ সম্ভাবনাটুকু বেঁচে থাকবে, এই আশায় বুক বেঁধেছিল প্রায় দেড় শ’ কোটি মানুষের দেশ। কিন্তু না, মোহাম্মদ নবি, রশিদ খানদের উড়িয়ে দেয়ার পাশাপাশি বিরাট কোহলিদেরও হতাশায় ডুবিয়ে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল কিউইরা।
কেন উইলিয়ামসনের দল নিউজিল্যান্ডের সামনে সমীকরণ ছিল সহজ। নিউজিল্যান্ড জিতলেই আর কোন হিসেব নেই। ভারত বিদায় নেবে। নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলবে। সমীকরণ মিলিয়ে ফেলল কিউইরা। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল। বিদায় নিল ভারত। স্বপ্ন চুড়মার হয়ে গেল ভারতের।
ভারতের সঙ্গে বিদায় নিয়েছে আফগানিস্তানও। যদি নিউজিল্যান্ডকে হারাত পারত আফগানরা, তাহলে হয়ত সেমিফাইনালে খেলার সুযোগ থাকত। কিন্তু সহজেই হেরে গেল আফগানিস্তান।
টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান করতে পারে আফগানিস্তান। নজিবুল্লাহ জাদরান (৭৩) যদি হাল না ধরতেন, তাহলে ১০০ রান করাই কঠিন হয়ে পড়েছিল। ট্রেন্ট বোল্ট ৩ উইকেট শিকার করেন।
জবাবে ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১২৫ রান করে জিতে গেল নিউজিল্যান্ড। ব্যাট হাতে কেন উইলিয়ামসন অপরাজিত ৪০, ডেভন কনওয়ে অপরাজিত ৩৬ ও মার্টিন গাপটিল ২৮ রান করেন।
আফগানিস্তান ম্যাচটিতে জিতুক, পুরো ভারতজুড়ে একটাই চাওয়া ছিল। একটাই আশা ছিল। কিন্তু সব চাওয়া, আশা যেন হতাশায় পরিণত হয়ে গেল। স্পিনার মুজিব জাদরান খেলেননি ভারতের বিপক্ষে ম্যাচে। ইনজুরিতে ছিলেন। ভারত চেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে জাদরান খেলুক। তাহলে স্পিনে কিউইদের কাবু করা যেতে পারে। খেললেন মুজিব জাদরান। কিন্তু কিছুই হল না।
নিউজিল্যান্ড ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করল। আজ সোমবার ভারত ও নামিবিয়ার মধ্যকার ম্যাচকে আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত করল। এখন ভারত আজ জিতলেও ৬ পয়েন্টের বেশি হবে না। আফগানিস্তানকে হারিয়ে দিয়ে নিজেরা তো সেমিফাইনালে খেললই, ভারতকেও বিদায় করে দিল।
আফগানিস্তানÑ ১২৪/৮ (২০ ওভার; হজরতউল্লাহ ২, শাহজাদ ৪, রহমতউল্লাহ ৬, গুলবাদিন ১৫, নাজিবউল্লাহ ৭৩, নবি ১৪, জানাত ২, রশিদ ৩, মুজিব ০*; সাউদি ২/২৪, বোল্ট ৩/১৭, মিলনে ১/১৭, নিশাম ১/২৪, সোধি ১/১৩)
নিউজিল্যান্ডÑ ১২৫/২ (১৮.১ ওভার; গাপটিল ২৮, ড্যারিল মিচেল ১৭, উইলিয়ামসন ৪০*, কনওয়ে ৩৬*; মুজিব ১/৩১, রশিদ ১/২৭)