সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ: জেনে নিন ফল দেখার নিয়ম ও খাতা চ্যালেঞ্জের বিস্তারিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ॥
অবশেষে অবসান ঘটছে অপেক্ষার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার ( ১০ অগাস্ট ২০২৬)। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরই শিক্ষার্থীরা ফল জানতে পারবে। তবে সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে পুরোপুরি শিক্ষার্থীদের হাতে ফল পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘরে বসেই সহজে ফল জানার ৩টি উপায়
শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ড অফিসে না গিয়েই খুব সহজে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ৩টি উপায়ে ফল জানতে পারবেন:

অনলাইনে ফল: শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd)-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে: যেকোনো মোবাইল সংযোগ থেকে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে সহজেই ফল পাওয়া সম্ভব।

এসএমএস পাঠানোর নিয়ম:

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে- SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০০৬ (বা পরীক্ষার বছর) এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।

বিশেষ সতর্কতা: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে- শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্র অফিসে গিয়ে সরাসরি কোনো ফল পাওয়া যাবে না।

ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ
প্রকাশিত ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে কিংবা কাঙ্ক্ষিত ফল না পেলে খাতা পুনঃনিরীক্ষণের (পুনর্বিবেচনা) আবেদনের সুযোগ থাকছে। সম্পূর্ণ অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

পরীক্ষার সূচি ও ফল প্রকাশের বিলম্ব
উল্লেখ্য, চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি (ভোকেশনাল) বোর্ডের পরীক্ষা শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে (সেই হিসাবে ২০ জুলাই) ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও, নানা আনুষঙ্গিক কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ এই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com