শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সাইফের বিশ্বকাপ খেলা নিয়ে শংকা

স্পোর্টস ডেস্ক::

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তবু খেলে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল)। লুকিয়ে রাখা চোটটা কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠলেই তার বিশ্বকাপ খেলা শেষ হয়ে যেতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে গেল ২২ ফেব্রুয়ারি দেশে ফেরেন সাইফ। ওই সময় কোচ স্টিভ রোডস তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। কিন্তু পাঁচ দিন পরই ডিপিএল টি-টোয়েন্টি লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা শুরু করেন তিনি।

সেই টুর্নামেন্টের মাঝেই সাইফ জানান, ইনজুরি নিয়ে আতঙ্কে আছেন। তবু সতর্ক না হয়ে ঠিকই আবাহনীর হয়ে খেলে যাচ্ছেন তিনি। এখন খেলছেন ৫০ ওভারের ম্যাচ। সুপ্ত চোটটা একটু প্রকট হলে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।

ইনজুরি থেকে সাইফউদ্দিনের পুরোপুরি সেরে ওঠার একমাত্র উপায় ইনজেকশন নেয়া। পাশাপাশি পূর্ণ বিশ্রাম। তবে নিয়মিত খেলার কারণে সেই সুযোগ পাচ্ছেন না পেস অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে অবশ্য তেমন একটা সমস্যা হচ্ছে না তার। শুধু ৩০ গজের বাইরে থেকে থ্রোয়িংয়ে একটু সমস্যা হচ্ছে। তাই বিষয়টিকে বেশি বড় করে দেখছেন না তিনি।

সাইফ বলেন, পেস বোলারদের এসব সমস্যা নিয়েই খেলতে হয়। আমার এখন ব্যাটিং-বোলিংয়ে সমস্যা হচ্ছে না। শুধু লং থ্রোয়ে সমস্যা হয়। তবে এখন ইনজেকশন দেয়ার মতো সময় হাতে নেই। তাই এ নিয়েই খেলতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী বলেন, এখন সাইফ ক্লাবে খেলছে। সেখানেই তার পরিচর্যা করা হচ্ছে। সেই দলেও ফিজিও এবং মেডিকেল স্টাফ আছেন। তারা নিশ্চয়ই তাকে ভালোভাবে দেখছেন। তার দিকে খেয়াল রাখছেন।

বহুদিন ধরে একজন জাত পেস অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ। সাইফউদ্দিনের মধ্যে সেই অমিত সম্ভাবনা খুঁজে পেয়েছেন রোডস। আসন্ন বিশ্বকাপে তাকে টাইগারদের গুরুত্বপূর্ণ সদস্য ভাবা হচ্ছে। এ অবস্থায় ভক্ত-সমর্থকরা চাচ্ছেন তার বাড়তি সতর্কতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com