শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় নারীর মৃত্যু

মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে একা পেয়ে তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাশে থাকা মুগুর দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার কান কেটে স্বর্ণের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে জসিম মোল্লা বলেন, জীবিকার তাগিদে তিনি ঢাকায় থাকেন। বাড়িতে তার মা ও ছেলে থাকত। ঘটনার দিন তার ছেলে বাড়ির বাইরে থাকায় মা একাই ছিলেন। তিনি বলেন, সামান্য কিছু স্বর্ণালংকারের জন্য দুর্বৃত্তরা তার মাকে এভাবে হত্যা করবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। যারা তার মাকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়েছিল। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com