বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : ২০১৭ সালে সামরিক বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে হত্যা ও নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত মিয়ানমারের বিরুদ্ধে বহুল আলোচিত মামলায় ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ২০১৭ সালের ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল।
আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণাকালে বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’
বহুল আলোচিত এ মামলায় বিচারকদের মধ্যে ৯ জন গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দায়ী করার পক্ষে মত দেন। বিপক্ষে অবস্থান নেন ছয়জন বিচারক।
রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যবাধকতা লঙ্ঘনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার দায়বদ্ধ। ক্ষতিপূরণের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
তবে রায়ে ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। বিচারক বলেন, ক্ষতির ধরন ও মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করতে হবে। এ বিষয়ে ক্ষতিপূরণের অঙ্ক ও পদ্ধতি বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে চূড়ান্ত করা উচিত।
আইসিজে আরও জানিয়েছে, রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। ওই প্রতিবেদনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরতে হবে।