বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ইসলামপুরের আমেরিকান সাবওয়ে রেস্টুরেন্টে উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি আলহাজ্ব মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় নবগঠিত ২৫ সদস্যবিশিষ্ট কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
সভায় ২০২৭-২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, শরিয়াহ ও ইসলামের আদর্শের আলোকে রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।