বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

ছবি: সংগৃহীত।

একুশের কণ্ঠ প্রতিবেদন:: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। তিনি বলেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সি একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ১৩ বছর ছিল বলে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com