বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ছবি সংগৃৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর চালানো ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন সহিংসতা ও বসতবাড়ি ধ্বংসের তথ্যপ্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, রোহিঙ্গাদের একটি বড় অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল।
গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার এ পর্যবেক্ষণ তুলে ধরেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।
তিনি বলেন, উপস্থাপিত সব তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত মনে করেন, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছাড়া মিয়ানমারের কর্মকাণ্ডের অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। একই সময়ে দেশটির সেনাসদস্যরা রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত করেছে এবং একের পর এক রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
আইসিজে প্রেসিডেন্ট আরও জানান, সামরিক বাহিনীর চরম নির্যাতনের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়।
আদালত ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় সহিংসতায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন রয়েছে, সেটিকেও তথ্যপ্রমাণসমর্থিত বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের এজলাসে রায় পাঠ শুরু করেন ইউজি ইওয়াসাওয়া।
উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে দেশটির বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
মামলায় গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানের ফলে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এ গণহত্যার দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারকেই বহন করতে হবে।