শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

একই জমিতে শিম-আদা চাষে বাড়ছে কৃষকের আশা

একই জমিতে শিম-আদা চাষে বাড়ছে কৃষকের আশা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: কৃষিজমির পরিমাণ কমছে, বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এই বাস্তবতায় সীমিত জমি থেকে বেশি ফসল উৎপাদনের নতুন কৌশল খুঁজছেন কৃষকেরা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই জমিতে মাচা তৈরি করে ওপরের অংশে শিম এবং নিচে আদা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তারা। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতির এ চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।

শুক্রবার ( ২০ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, একই জমিতে ভিন্ন উচ্চতায় বেড়ে উঠছে দুটি ফসল। জমির ওপরের অংশে বাঁশের মাচা তৈরি করে লাগানো হয়েছে শিমগাছ। আর মাচার নিচে ফাঁকা জায়গায় চাষ করা হচ্ছে আদা। এতে একই জমি থেকে একসঙ্গে দুটি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে এ পদ্ধতিতে শিম ও আদা চাষ করেছেন। তাদের লক্ষ্য, একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে আয় বাড়ানো এবং উৎপাদন খরচের তুলনায় বেশি লাভ পাওয়া।

কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করায় জমির সর্বোচ্চ ব্যবহার করা যাচ্ছে। শিমের মৌসুম শেষ হয়ে গেলেও জমিতে আদা থাকবে। ফলে একটি ফসল ঘরে তোলার পরও অন্য ফসল থেকে আয়ের সুযোগ থাকবে। এতে একই জমি থেকে দীর্ঘ সময় ধরে উৎপাদন পাওয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসছে। এ অবস্থায় অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, উপজেলায় বর্তমানে প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। এ পদ্ধতিতে একই জমিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে। অন্যদিকে ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ হচ্ছে প্রায় ৮ হেক্টর জমিতে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, এসব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি কৃষকের উৎপাদন বাড়বে এবং আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, প্রচলিত একক ফসলের চাষের বাইরে একই জমিতে পরিকল্পিতভাবে একাধিক ফসল উৎপাদনের এ উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে জমির পরিমাণ কম এমন কৃষকদের জন্য এ পদ্ধতি হতে পারে বাড়তি উৎপাদন ও আয়ের কার্যকর কৌশল। তবে ফসলের উপযোগিতা, পরিচর্যা ও বাজার চাহিদা বিবেচনায় নিয়ে চাষাবাদ সম্প্রসারণ করা গেলে এ উদ্যোগ আরও সুফল বয়ে আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com