শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা অনিল কাপুর

ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা অনিল কাপুর ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : অবসর সময়টা ইউরোপে বেশ আনন্দেই কাটাচ্ছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। ভ্রমণের এই সময়ে বিভিন্ন পরিচিতজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করেন অনিল কাপুর। সেখানে তিনি জানান, প্রথমবার সাক্ষাতের সময়ই দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। প্যারিসে দ্বিতীয়বার দেখা হওয়ার পরও সেই আন্তরিকতার ব্যতিক্রম ঘটেনি।

অনিল কাপুরের ভাষ্য অনুযায়ী, এবারের আলোচনায় সিনেমা, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আলোচনার একপর্যায়ে ফরাসি প্রেসিডেন্টের দপ্তরে থাকা নেপোলিয়নের আমলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনও দেখার সুযোগ পান তিনি।

নিজের পোস্টে অনিল কাপুর লেখেন, ভারতে প্রথমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা হওয়ার সময় তাদের কথোপকথন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে মনে হয়েছিল, তারা যেন বহু বছর ধরে একে অপরকে চেনেন। প্যারিসে আবারও দেখা হওয়ার পর সেই একই আন্তরিকতা অনুভব করেছেন তিনি। তাদের আলোচনা কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাওয়া উচিত, সেসব বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ অনিল কাপুর তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। প্যারিসে তাকে ও তার ভাইপোকে আপনজনের মতো স্বাচ্ছন্দ্যে রাখার বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন এই অভিনেতা।

পোস্টের শেষাংশে ম্যাক্রোঁকে উদ্দেশ করে তিনি লেখেন, প্রিয় ইমানুয়েল, তোমার আন্তরিকতা ও সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ। প্যারিসে আমাকে ও আমার ভাইপোকে নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যে রাখায় আমি কৃতজ্ঞ। আমাদের বন্ধুত্বের জন্য আমি আনন্দিত। ভারতে তোমাকে আবারও স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।

এর কয়েক দিন আগে ইতালিতে বন্ধু ললিত মোদি, সঞ্জয় কাপুর ও চাঙ্কি পান্ডের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অনিল কাপুরকে। কাজের ব্যস্ততার বাইরে ইউরোপ সফরের এই সময়টি উপভোগ করছেন তিনি। সম্প্রতি আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com