শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
নভেল করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের মতো অচলপ্রায় বাংলাদেশও। সকল অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এ দুর্যোগে যেমন বিপাকে পড়েছেন অসচ্ছল ক্রিকেটাররা, তেমনি দুর্ভোগে পড়েছেন বোর্ডের স্বল্প বেতনভোগী কর্মচারীরাও। তাদের সহায়তায় ইতোমধ্যে হাত বাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
এবার দেশের ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারীদের জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগের ২০টি ক্লাব, দ্বিতীয় বিভাগের ২০ এবং তৃতীয় বিভাগের ২৪টি ক্লাব মিলিয়ে মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারীদের এই বিশেষ সাহায্য দিয়েছে বোর্ড।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকার ক্লাবগুলোর সংগঠন ক্রিকেট কমিটি অব ঢাকার (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানান, ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারী, টিমবয় ও ম্যাসাজ ম্যানদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বিসিবি সভাপতি।
প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। যাতে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলেও জানান তিনি।