শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
আগামী ৫ জানুয়ারি শুরুর তারিখ ঠিক রেখেই শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফিকশ্চার প্রকাশ করেছে বিসিবি। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। গতবারের মতো এবারও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে খেলা হবে।
বিপিএলের প্রথমদিনে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে। শুধু শুক্রবার দিনের প্রথম ম্যাচ বেলা ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
সাত ফ্র্যাঞ্চাইজির এ টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫-৯ জানুয়ারি পর্যন্ত খেলা হবে মিরপুরে। এরপর ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ম্যাচ হবে সিলেটে। ২১, ২২ ও ২৩ জানুয়ারি বিপিএল ঢাকায় ফিরে আবার চলে যাবে চট্টগ্রামে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ থেকে ৩০ জানুয়ারি মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে বাকি ম্যাচগুলো হবে মিরপুরেই। শেষ চারের প্রতিটি ম্যাচের পরই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিপিএলে অংশ নেয়া দলগুলো হল- ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও চিটাগাং ভাইকিংস।