শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

১৩ জুলাই মোস্তাফিজের বৌভাত

স্পোর্টস ডেস্ক::

অপেক্ষার প্রহর শেষ। আর মাত্র ক’টা দিন। নতুন করে আসরে বরবধূ বেশে আসবেন কাটার মাস্টার মোস্তাফিজ-শিমু দম্পতি। তাদের বৌভাত বলে কথা।

কথা ছিল বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে বৌভাত। নববধূ শিমুকে সেদিন জাঁকজমক আয়োজনে তুলে নেয়া হবে মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়িতে।

হচ্ছেও তাই। ১৩ জুলাই শনিবার শেষ করা হবে এই পর্বটি। এরই মধ্যে বাড়িতে সাজসাজ রব পড়ে গেছে। আত্মীয়স্বজন শুভাকাঙ্খীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তাদের মুখে মুখে এককথা- মোস্তাফিজের বৌভাত।

মোস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু বলেন, কম-বেশি হাজার দু’য়েক অতিথি তো থাকবেনই। বাংলাদেশের সব টাইগার নিমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, সব আয়োজন হবে গ্রামের বাড়িতে। সব আত্মীয়স্বজনই শরিক হবেন এতে। গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বৌভাত।

নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মো. রওনাকুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে।

পাঁচ লাখ এক টাকা দেনমোহরে ২২ মার্চ বিয়ে হয়েছিল তাদের। মোস্তাফিজের স্বপ্নের রানী তার মামাতো বোন শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ-প্লাস পেয়ে পাস করেন এসএসসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com