শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ নিলাম প্রক্রিয়ায় অস্পষ্টতা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকানো ঐতিহাসিক ব্যাটটি নিলাম থেকে সরিয়ে নিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মুশফিকুর রহিমের ব্যাট নিলামে তোলার সময় ভুয়া দর হাঁকানোর বিষয়টি উল্লেখ করে তিনি জানান, নিলাম প্রক্রিয়াটি তার কাছে পরিষ্কার মনে হচ্ছে না।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তিনি ওই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন। এ ব্যাট দিয়েই ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
এ বিষয়ে আশরাফুল সাংবাদিকদের বলেন, ‘আমি দেখেছি, মুশফিকের ব্যাট নিলামের সময় অনেক ভুয়া দর হাঁকা হয়েছে। যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যাট নিলামে তোলার কোনো মানেই হয় না। আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কীভাবে নিলাম হয়।’
দেশে নিলামের ভালো সংস্কৃতি রয়েছে বলে তিনি মনে করেন না বলেও মন্তব্য করেন টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলাম উল্লেখ করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখন আমি মনে করি নিলামের জন্য ভালো প্রক্রিয়া থাকা উচিৎ।’
ব্যাটটি নিলামের ভিত্তিমূল্য ১৫ লাখ ধরে নিলাম শুরু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আশরাফুল। কিন্তু নিলামের আয়োজক প্রতিষ্ঠান ‘অকশন ফর অকশন’ এতে রাজি না হওয়ায় সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।
আশরাফুল এ বিষয়ে বলেন, ‘ভালো টাকা না পেলে নিলামের দরকার আছে কী? আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষকে সাহায্য করতে পারবো।’ বেশি মানুষকে সহযোগিতা করার জন্যই ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন বলেও জানান তিনি।