শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সিপিএল খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব

স্পোর্টস ডেস্ক::

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে আফগানিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নভেম্বরে ভারত সফর। তার আগে দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ দলের। আর এই সুযোগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সিপিএলের চলতি আসর শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস।

ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।

সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব। তবে সাকিবের দল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে আগামী ১২ অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে সাকিবের নাও খেলা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com