শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : আর মাত্র ৬ দিন পরই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলটির সঙ্গে স্বাগতিক বাংলাদেশের ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে প্রায় ১১ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। জাতীয় দলের ক্রিকেটারদের তাই তর সইছে না। অপেক্ষাটা অনেক বেশি সাকিব আল হাসানের জন্য। জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি না জানানোয় ১ বছরের জন্য নিষিদ্ধ করে তাকে আইসিসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ২৯ অক্টোবর মুক্ত হয়েছেন তিনি। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে আবার ক্রিকেটে ফেরেন। তবে টুর্নামেন্ট শেষ করার আগেই শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। শ্বশুরকে আর জীবিতাবস্থায় পাননি, তবে নতুন অতিথির আগমন বার্তা দিয়েছেন ভক্ত-সমর্থকদের। তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন সাকিব। ক্যারিবীয়দের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প ১০ জানুয়ারি শুরুর কথা রয়েছে। রবিবার ফিরেছেন সাকিব এবং তৃতীয়বার পিতা হতে যাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভেবে রোমাঞ্চিত বোধ করছেন তিনি।
৩৩ বছর বয়সী সাকিব ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। চট্টগ্রামে সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলা টি২০ ম্যাচ ছিল সেটি। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলে ফিরতেই নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তার ওপর। ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন তিনি। তবে মহামারী করোনাভাইরাসের প্রকোপ তাকে মাঠের বাইরে থাকার যন্ত্রণাটা খুব বেশি দিতে পারেনি। কারণ এই সময় বাংলাদেশ দল খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি। কয়েকটি সিরিজ করোনার ধাক্কায় স্থগিত হয়ে গেছে। ক্যারিবীয়দের বিরুদ্ধে ১১ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সাকিবের অপেক্ষাটা মাত্র ৫ মাসের বেশি। তিনিও ফিরবেন এই ক্যারিবীয়দের বিরুদ্ধেই। রবিবার দেশে ফিরেছেন আগামী রবিবার থেকে দলগত অনুশীলনে অংশ নিতে। বছরের শুরুতে সহধর্মিণীর ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করে হৈচৈ ফেলে দেন তিনি। গত এপ্রিলেই দ্বিতীয় কন্যার বাবা হয়েছেন। এবার আরেক সন্তানের আগমনী বার্তা নিয়ে সাকিব বললেন, ‘তৃতীয়বার অবশ্যই আমি রোমাঞ্চিত। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন সুস্থভাবে বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সুস্থ সবলভাবে যেন বাচ্চা ও মা দু’জনেই থাকতে পারে।’
আপাতত অবশ্য ক্রিকেটেই মনোযোগ দিতে হবে সাকিবকে। দীর্ঘ ১ বছর নিষেধাজ্ঞার পর গত সেপ্টেম্বরে ৩ সপ্তাহের মতো বিকেএসপিতে অনুশীলন করেছিলেন নিজের ফিটনেস ও স্কিল ফিরে পেতে। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি২০ খেলে কিছুটা ঝালিয়ে নিতে পেরেছেন। যদিও ব্যাট-বলের পারফর্মেন্সে নিষ্প্রভ ছিলেন তিনি। এখন ক্যারিবীয়দের বিপক্ষে ফিরতে মুখিয়ে আছেন সাকিব। তিনি বলেন, ‘এই ফেরাটা ভিন্ন। শ্রীলঙ্কা যেতে পারিনি যা হতাশার। ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ, আসার জন্য আমি রোমাঞ্চিত। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভাল লাগছে।’ তবে দীর্ঘ সময় পর ফেরার বিষয়টি নিয়ে কোন চাপ অনুভব করছেন না সাকিব। বরং ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। সাকিব বলেন, ‘চাপ না। একটা প্রত্যাশা তো সবারই থাকে, আমারও আছে। তো সেই হিসেবে অবশ্যই চেষ্টা করব সবমিলিয়ে আগের জায়গাতে যেন থাকতে পারি।’ অবশ্য উইন্ডিজ দলের নিয়মিত ১২ ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে।