শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সাকিবের বাবা করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক::

এবার করোনা আক্রান্ত হলেন সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা। গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর অনুভব করায় সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন। রবিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত হলেও সাকিবের বাবা বর্তমানে সুস্থই আছেন। বর্তমানে মাগুরায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন মাশরুর রেজা। মাগুড়ার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেছেন, ‘সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজার করোনা ধরে পড়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।’

ব্যাংক কর্মকর্তা মাসরুর রেজা নিয়মিত অফিস করছিলেন। যে ব্রাঞ্চে তিনি কাজ করেন, সেখানে আগেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সাকিবের বাবার শরীরে করোনা সংক্রামণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাশরুর রেজা বলেন, ‘আমার মনে হচ্ছে যতজন করোনা আক্রান্ত হয়েছে, সবচেয়ে সুস্থ সবল আমি-ই। তাই এই নিয়ে ভাবছি না, নিয়ম মেনে চললে দ্রুত আরোগ্য লাভ করতে পারবো। আমি বাড়ির তিনতলাতে আইশোলেশনে আছি। সুস্থ আছি, কোনও সমস্যা নেই।’

সাকিবের বাবা আক্রান্ত হলেও মা শিরীন রেজা সুস্থ আছেন। দু’জনই আছেন মাগুড়াতে। অপরদিকে, পরিবারসহ সাকিব আছেন যুক্তরাষ্ট্রে। করোনার প্রকোপ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। করোনা আক্রান্তের খবর শুনে রবিবার সকালেই বাবার সঙ্গে কথা বলেছেন সাকিব। মাশরুর রেজা আরও বলেন, ‘সাকিব খোঁজ-খবর নিয়েছে। আমাকে সে বলেছে- টেনশন না করতে। নিয়ম মেনে চললে সব ঠিক হয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com