শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : নতুন করে সমস্যায় সাকিব আল হাসান। সমস্যায় কলকাতা নাইট রাইডার্সও। কারণ আইপিএলে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু রবিবার সাকিবের মন্তব্যের পর বিসিবি জানিয়েছে, তারা সাকিবকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে। বিসিবির কর্তা আক্রাম খানের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিন থেকেই খারাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে না যাওয়ার জন্য সাকিবের কড়া সমালোচনা করেন আক্রাম। এরপর সাকিব তাঁকে নিজের বক্তব্য জানিয়ে একটি চিঠি দেন। সেই চিঠি পেয়ে ফের সাকিবের সমালোচনা করেন আক্রাম।
রবিবার সাকিব বলেন, সমানে আমার টেস্ট না খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। যাঁরা বলছেন আমি আর টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠি ঠিক করে পড়েননি। আমি চিঠিতে কোথাও বলিনি যে টেস্ট খেলব না। আমি শুধু বলেছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারব বলে আইপিএল খেলতে চাই। বারবার আক্রাম খান বলছেন, আমি টেস্ট খেলতে চাই না।’’ কেন বাংলাদেশের হয়ে না খেলে কলকাতার হয়ে আইপিএল খেলবেন, জানালেন সাকিব আল হাসান
এরপর সোমবার আক্রাম বলেন, ‘‘চিঠির আর কী অর্থ হতে পারে? একজন স্পষ্ট বলছে বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য ও শ্রীলঙ্কায় যেতে চায় না। এর আর কী মানে হতে পারে? ও নাকি বলেছে আমি ওর চিঠি পড়িনি। হয়ত চিঠির মানে বুঝতে পারিনি। যাই হোক, ওর কথা অনুযায়ী ও যদি টেস্ট খেলতে চায়, তাহলে আগামী দু’দিনের মধ্যে আমরা ওকে দেওয়া ছাড়পত্র (আইপিএলে খেলার) নিয়ে আলোচনা করব। ওর যদি টেস্ট খেলার আগ্রহ থাকে, তাহলে শ্রীলঙ্কায় দুটো টেস্ট খেলুক না।