শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সাকিবকে ছাড়িয়ে তামিমের রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক::

প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান টাইগাররা। সেই লক্ষ্যে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তুলে ফেলেন তারা।

তামিম ২৮ রান নিয়ে ব্যাট করছেন। এ পথে একটি রেকর্ড গড়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন তার। টপকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার বাইরে তিনি।

সাকিব জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪২ ইনিংসে করেন ১৪০৪। ৪০ ইনিংসে তাকে ছাড়ালেন তামিম। তিনি ১৩৯৮ রান নিয়ে খেলা শুরু করেন। তৃতীয় স্থানে থাকা মুশফিকের রান ৪৩ ইনিংসে ১৩০৫। তামিমের কীর্তির পরই দুর্ভাগ্যক্রমে রানআউট হয়ে ফেরেন লিটন (৯)।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি।

এ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ব্যাট-বল হাতে উড়িয়ে দেন তিনি। বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।

তাদের স্থানে দলে ফিরেছেন দুই ডানহাতি পেসার শফিউল ইসলাম ও আল- আমিন হোসেন। গেল বছর জুলাইয়ে শ্রীলংকায় সবশেষ খেলেন শফিউল। আর আল- আমিন সবশেষ খেলেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

জিম্বাবুয়ে একাদশে নেই নিয়মিত অধিনায়ক চামু চিবাবা। চোটে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস। এ ম্যাচ দিয়েই একাদশে ফিরেছেন তিনি।

বাদ পড়েছেন ক্রিস এমপোফু। তার স্থলাভিষিক্ত হয়েছেন চার্লটন টিসুমা। আর অসুস্থতার কারণে এ ম্যাচেও খেলছেন না ক্রেইগ আরভিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্ডা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com