শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সবাই বাড়িতে বসে থাকলে ওদের কী হবে: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক::

প্রাণঘাতী করোনাভাইরাসে অচল গোটা বিশ্ব। একই দশা পাকিস্তানেও। দেশটির নিম্নআয়ের লোকজন বিপাকে পড়েছেন। দিনে এক বেলা খাবার জুটাতে হিমশিম খাচ্ছে তারা।

এসব নিঃস্ব, সহায়-সম্বলহীন, খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। শুরু থেকেই তাদের সহায়তা করছে তার গড়া সেবামূলক সংগঠন ‌’শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’। ব্যক্তিগতভাবেও অসহায়দের সহায়তা করছেন তিনি।

এখন খাইবার পাখতুনখোয়াতে নিজ গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ শুরু করেছেন আফ্রিদি। তার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানকার দুস্থদের সহায়তা করছেন তিনি। এছাড়া গ্রামটিতে প্রয়াত বাবার স্মরণে তৈরি শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে সাহায্য করছেন বুমবুম।

সোশ্যাল মিডিয়া টুইটারে সেই ছবি পোস্ট করে আফ্রিদি লেখেন, লকডাউনে কাজ করতে পারছেন না দিনমজুর মানুষগুলো। ফলে অন্ন সংস্থান করতে পারছেন না তারা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের কাছে খাবার পৌঁছে দেয়া। এ অবস্থায় আমি বাড়িতে বসে থাকতে পারি না। যদি সবাই বাড়িতে বসে থাকি, তাহলে ওদের কি হবে?

তিনি বলেন, আমরা গেল ১২-১৩ দিনে ৪ হাজার ৫০০ পরিবারের কাছে পৌঁছতে পেরেছি। আশেপাশের আরো কয়েকটি অঞ্চলেও যাচ্ছি আমি। যেখানে শহরে কাজ করা মানুষগুলো ঘরের মধ্যে আটকে আছেন। তাদেরও সাহায্য করা হবে। তথ্যসূত্র: দ্য ন্যাশনাল

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com