শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল ঘোষণা, দলে ফিরলেন তাইজুল ও এনামুল

স্পোর্টস ডেস্ক::

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। দলটি মাশরাফির নেতৃত্বে রওনা হবে আগামী ২০ জুলাই। লঙ্কানদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যাটে বলে লড়াইয়ে নামবে ২৬ জুলাইয়ে। এর আগে ২৪ জুলাই অনুশীলন ম্যাচ রয়েছে টাইগারদের।

শ্রীলঙ্কা সফরের জন্য আজ মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন, সে কারণে তাকেও ছুটি দেয়া হয়েছে।

এই দু’জনের বদলেই জায়গা করে নিয়েছেন তাইজুল এবং বিজয়। এছাড়া বিশ্বকাপে খেলা নিয়মিত ক্রিকেটাররাই আছেন এই স্কোয়াডে। তবে জায়গা হয়নি পেসার আবু জায়েদ রাহির। ইনজুরির শঙ্কা কেটে গেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এই সিরিজে তারা থাকছেন।

২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন তাইজুল। লম্বা বিরতির পর জাতীয় দলে ফিরছেন তিনি। এই মুহূর্তে বিসিবি একাদশের হয়ে ভারত সিরিজ খেলায় ব্যস্ত আছেন তিনি। ভারত থেকে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন তাইজুল।

আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ জুলাই। সবগুলো ম্যাচই কলম্বোতে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com