শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক::

বিশ্বকাপের পরিসংখ্যান দেখলে শ্রীলংকাকে আন্ডারডগ ভাবার কোনো কারণ নেই। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে নিলে এশীয় পরাশক্তিদের বিপক্ষে এগিয়ে নিউজিল্যান্ড। সর্বশেষ পাঁচ ম্যাচে কিউইদের জয় চার ম্যাচে, অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারের স্বাদ পেয়েছে করুনারত্নের দল। বিশ্বকাপে তাই আজ পরিস্কারভাবে এগিয়ে নিউজিল্যান্ডই। তবে মরণকামড় দিতে বিন্দুমাত্র ভুল করবে না শ্রীলংকা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

নয় নম্বরে অবস্থানে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করছে শ্রীলংকা। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে ছয় নম্বর অবস্থানে। সোফিয়া গার্ডেনে লংকানদের রেকর্ড একেবারে বাজে। চার ম্যাচের চারটিতেই হেরেছে তারা। অন্যদিকে এই মাঠে কিউইদের রেকর্ডটাও সুবিধের নয়। চার ম্যাচের তিনটিতে হেরেছে কেন উইলিয়ামসনের দল। দুদলের সাম্প্রতিক সাক্ষাতেও এগিয়ে নিউজিল্যান্ড। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত মোট আটবার মুখোমুখি হয়েছে দুদল। তার মধ্যে কিউইদের জয় ছয়টিতেই। একটিতে জিতেছে লঙ্কানরা।

দুদলের মধ্যে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়-পরাজয়ের হিসেবে দুদলই প্রায় সমান অবস্থানে রয়েছে। নিউজিল্যান্ডের জয় ৪৮টিতে, শ্রীলংকার জয় ৪১ ম্যাচে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ ম্যাচে দেখা হয়েছে দল দুটির। তাতে অবশ্য এগিয়ে শ্রীলংকাই। ৬ ম্যাচে জিতেছে এশীয় দলটি। নিউজিল্যান্ড জিতেছে চার ম্যাচে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল,টম লাথাম, কলিন মুনরো,কেন উইলিয়ামসন (অধিনায়ক),রস টেলর,জেমস নিশাম,কলিন ডি গ্র্যান্ডহোম,মিচেল স্যান্টনার,লোকি ফার্গুসন,ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com