বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। গত মাসে শেষ হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট। আরও একটি মিলনমেলায় মিলতে যাচ্ছেন এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার গ্র্যান্ডমাস্টাররা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টে খেলবেন বিশ্বের ৩২ জন গ্র্যান্ডমাস্টার। থাকবেন একজন নারী গ্র্যান্ডমাস্টার এবং ২০ জন আন্তর্জাতিক মাস্টারসহ শ’খানেক দাবাড়–।
তবে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে খেলবেন তিনজন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। মায়ের মৃত্যুর জন্য গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব এবং স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে থাকায় খেলতে পারবেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। রোববার হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।
এ সময় পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি এবং টুর্নামেন্টের সর্বোচ্চ র্যাংকিংধারী দাবাড়– নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার তিভিয়াকভ সারজেই উপস্থিত ছিলেন।
শাহাবুদ্দিন শামীম বলেন, ‘দেশে এ যাবত কালের সেরা টুর্নামেন্ট এটি। কারণ সর্বাধিক দাবাড়– অংশ নিচ্ছেন এবং সর্বোচ্চ প্রাইজমানি পাবেন তারা। ১-২০ স্থান পাওয়ারা পাবেন ৪৫ হাজার মার্কিন ডলারের প্রাইজমানি।
এক প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন শামীম বলেন, ‘এটা ঠিক যে ২০০৮ সালের পর আমরা নতুন কোন গ্র্যান্ডমাস্টার পাইনি। তবে চেষ্টা করছি। গেল প্রায় দুই বছর করোনার জন্য কোচিং প্রোগ্রাম করতে পারিনি আমরা।
আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করানোর জন্য চেষ্টা করছি আমরা।’ বাংলাদেশের সাবেক কোচ তিভিয়াকভ সারজেই বলেন, ‘অনেক দিন ধরেই তোমরা ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খোঁজে রয়েছ। আমার মনে হয় আর খুব একটা দেরি করতে হবে না। পেয়ে যাবে শিগগিরই।’
এছাড়া দেশি দাবাড়–দের জন্য রয়েছে আরও ১০ হাজার ডলারের প্রাইজমানি।’