শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

লিগ বাতিল, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নেইমার-এমবাপেরা

স্পোর্টস ডেস্ক::

চ্যাম্পিয়ন এর আগেও হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তথা নেইমার, এমবাপেরা। আসলে গত সাত আসরের ছয়বারের শিরোপা গেছে পিএসজির শো কেসেই। তবে গত ছয়বারই পিএসজির খেলোয়াড়রা সবাই মিলে শিরোপা উল্লাস একসঙ্গে মাঠেই করতে পেরেছেন।

ব্যতিক্রম এবার! লিগ পুরো শেষ হওয়ার আগেই পেয়ে গেছেন চ্যাম্পিয়নের তকমা। কিন্তু উদযাপন করার সুযোগটা নেই। যার ফলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তিটাও যেন আগের মতো নেইমারদের। সবমিলিয়ে শেষ আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন হলো পিএসজি।

গত মঙ্গলবার কোন ঘোষণা ছাড়াই বাতিল করে দেয়া হয়েছিল ফ্রান্সের লিগ ওয়ান। কেননা দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের আগে দেশটিতে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না। ফলে ফিফার বেঁধে দেয়া ২ আগস্টের মধ্যে লিগ শুরুর সম্ভাবনা ভেস্তে যায় ফ্রান্সে। তাই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় এবারের লিগ।

তখন সবার মনে প্রশ্ন জাগে, তাহলে এবারের ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পাবে কারা? অনেক ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি? নাকি কোন চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল করে দেয়া হলো এবারের লিগ? এ প্রশ্নের উত্তর দিতে দুইদিনের মতো সময় নিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার সব দলের অংশগ্রহণে এক কনফারেন্স কলের মাধ্যমে জানানো হয়েছে, লিগ টেবিলে এগিয়ে থাকা পিএসজিই পাচ্ছে এবারের শিরোপা। ফলে নিশ্চিত হয় টানা তৃতীয়বারের মতো পিএসজির চ্যাম্পিয়নশিপ।

করোনাভাইরাসের কারণে লিগ স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পিএসজি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মার্শেই দ্বিতীয় স্থানে ছিল ৫৬ পয়েন্ট নিয়ে। ফলে কার্যত ১৫ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি।

তাই চ্যাম্পিয়ন বাছাই করতে কোন অসুবিধা হয়নি আয়োজকদের। ভেস্তে যাওয়া লিগে দুটি করে ক্লাবের রেলিগেশন ও প্রমোশনও হয়েছে। লিগে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা তুলুজ ও ২৩ পয়েন্ট নিয়ে ১৯তম দল অ্যামিয়েন্স নেমে যাবে লিগ টুতে। আর সেখান থেকে শীর্ষ দুই দল লরেন্স ও লউস উঠে আসবে লিগ ওয়ানে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com