শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আন্দ্রে রাসেল নৈপুণ্যে ২৮ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে জস বাটলারকে ‘মানকাড’ আউট করে বিতর্ক তৈরি করা রবিচন্দ্র অশ্বিনরা বুধবার রাতে কলকাতার ব্যাটসম্যানদের রানের চাকা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার পর ব্যাটসম্যানরাও সেটি টপকাতে পারেননি।
আন্দ্রে রাসেলের টর্নেডো ইনিংসে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ২১৮ রান।
এ রান টপকাতে পাঞ্জাবের ভরসা ছিল গেইল ঝড়। সেটি হয়নি। তবে ডেভিড মিলার ও মায়ঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরিতে পাঞ্জাব শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯০ রান করতে সমর্থ হয়।
পাঞ্জাবের ইনিংসের পঞ্চম ওভারেই ২০ রান করেই গেইল সাজঘরে ফেরার পর লোকেশ রাহুল (১) আর সরফরাজ খানও (১৩) ফিরে যাওয়ায় ম্যাচ থেকে দৃশ্যত ছিটকে পরে প্রীতি জিনতার দল।
শেষ ৩০ বলে জয়ের জন্য ৮৬ রান দরকার ছিল দলটির। মিলার-আগারওয়াল তখন ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়লেও আসল চ্যালেঞ্জের সম্মুখীন হন শেষ পাঁচ ওভারে। আর এই চ্যালেঞ্জের শুরুতেই আগারওয়ালকে হারায় পাঞ্জাব। ১৬তম ওভারের দ্বিতীয় বলে আগারওয়ালকে (৩৪ বলে ৫৮) তুলে নেন কলকাতার স্পিনার পীযূষ চাওলা। এর মধ্য দিয়ে ভেঙে যায় মিলার-আগারওয়ালের ৪৭ বলে ৭৪ রানের জুটি। পাঞ্জাবও ছিটকে পড়ে ম্যাচ থেকে।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে চার উইকেটে ২১৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা। দলের হয়ে ৩৪ বলে ৬৩ রান করেন নিথিশ রানা। ৫০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রবিন উথাপ্পা। ইনিংসের শেষ দিকে মাত্র ১৭ বল খেলে পাঁচটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৪৮ রান করেন আন্দ্রে রাসেল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের ষষ্ঠ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিনের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় কলকাতা। দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব শুরু করেন নিথিশ রানা ও রবিন উথাপ্পা। ৬৬ বলে ১১০ রানের জুটি গড়েন তারা।
আইপিএল ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন নিথিশ রান। সাজঘরে ফেরার আগে সাতটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৩৪ বলে ৬৩ রান করেন তিনি। রানার বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন উথাপ্পা। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫০ বলে দুটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান আন্দ্রে রাসেল। মাত্র ১৭ বল খেলে পাঁচটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৪৮ রান করেন রাসেল।