শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছিলেন কিছু দাবি-দাওয়া নিয়ে

স্পোর্টস রিপোর্টার : ই-কণ্ঠ ২৪ ডটকম : দেশের ফুটবল উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি এর সঙ্গে বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির এক সভা বৃহস্পতিবার ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় মতিঝিল বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কাজী মোঃ সালাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ-এমপি, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান ভুইয়া (মানিক), সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আকতার হোসেন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ আব্দুল করিম, এনডিসি, জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় সচিব (অতিরিক্ত সচিব) মোঃ মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশিদুল হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব মোঃ মজিবর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ।
বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ৭ জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আমাদের কিছু দাবি-দাওয়া ছিল, সেগুলো তাকে জানিয়েছি। আনন্দের বিষয় হলোÑ আমাদের বেশিরভাগ দাবিই তিনি মেনে নিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দাবিগুলো নিয়ে তিনি পর্যালোচনা করে শীঘ্রই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এ রকমই আশ্বাস তিনি দিয়েছেন। এই আলোচনার প্রেক্ষাপটে আমি খুশি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘বাফুফের নতুন নির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম। তারা আমাদের কাছে কিছু দাবি পেশ করেছেন। অতীতেও বাফুফের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা সমাধানেরও চেষ্টা করেছি। আগামী চার বছর মেয়াদে বাফুফে তাদের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী কিভাবে করতে চায় সেগুলো নিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিভাবে আমরা বাফুফেকে সাহায্য করতে পারি সেসব নিয়েও কথা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের বৈঠকে এগুলো উত্থাপিত হবে এবং আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com