শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস ডেস্ক::

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয়ের পরও গ্লেন ম্যাক্সওয়েল ‘হতাশ’ ছিলেন ম্যাচ শেষ করে আসতে না পারায়। দ্বিতীয় ম্যাচে সেই হতাশা তাকে আর সঙ্গী করতে হলো না। যখন উইকেটে এলেন, দুইশর কাছাকাছি রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে দল। সেখান থেকে কী দুর্দান্ত এক ইনিংসই না খেললেন ম্যাক্সওয়েল। তার বিধ্বংসী সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজ অ্যারন ফিঞ্চের দল জিতল ২-০ তে। এই প্রথম ভারতের মাটিতে কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ফিফটি এবং লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির চল্লিশোর্ধ দুটি ইনিংসে ভারত ৪ উইকেটে করেছিল ১৯০ রান। ম্যাক্সওয়েলের ৫৫ বলে অপরাজিত ১১৩ রানের সুবাদে অস্ট্রেলিয়া সেটি পেরিয়ে যায় ২ বল বাকি থাকতে।

টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রাহুল। মাত্র ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় রাহুল ৪৭ করে ফিরলে ভাঙে ৬১ রানের জুটি। রোহিত শর্মার বিশ্রামে সুযোগ পাওয়া ধাওয়ান অবশ্য ২৪ বলে মাত্র একটি চারে করেন ১৪ রান। এরপর দ্রুত ফেরেন ঋষভ পন্ত (১)। বিনা উইকেটে ৬১ থেকে ভারতের স্কোর তখন ৩ উইকেটে ৭৪।

এরপরই চতুর্থ উইকেটে মাত্র ৫০ বলে ঠিক ১০০ রানের দারুণ এক জুটি গড়েন বর্তমান আর প্রাক্তন অধিনায়ক কোহলি ও ধোনি। আগের ম্যাচে ‘স্লো’ খেলা ধোনি এবার ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪০ রান করে ফিরলে ভাঙে জুটি।

কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৩৮ বলে ২ চার ও ৬ ছক্কায় অধিনায়কের ৭২ রান ভারতকে এনে দেয় দুইশর কাছাকাছি পুঁজি। ৩ বলে ২ চারে ৮ রানে অপরাজিত ছিলেন দিনেশ কার্তিক।

বড় লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ২২ রানের মধ্যেই বিজয় শঙ্করের শিকার হয়ে ফেরেন মার্কাস স্টয়নিস ও অধিনায়ক ফিঞ্চ। এরপরই উইকেটে আসা ম্যাক্সওয়েল মুখোমুখি দ্বিতীয় বলেই হাঁকান ছক্কা। জাসপ্রিত বুমরাহর শর্ট বলটা অবশ্য টপ-এজ হয়ে ছক্কা হয় কিপারের মাথার ওপর দিয়ে।

এরপর ম্যাক্সওয়েল খেলেছেন দারুণ সব শট। শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, ক্রুনাল পান্ডিয়া, সিদ্ধার্থ কৌল- সবাইকে উড়িয়েছেন ছক্কায়। বড় ঝড়টা গেছে চাহাল ও কৌলের ওপর দিয়ে। দুজনকেই ছক্কা হাঁকিয়েছেন সমান তিনটি করে। এর মধ্যে আবার একটি ছক্কা মেরেছেন সুইচ হিটে।

তৃতীয় উইকেটে ডি’আর্চি শর্টের সঙ্গে ম্যাক্সওয়েলের ৭৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় অস্ট্রেলিয়া। শর্ট ২৮ বলে ৬ চারে ৪০ রান করে ফিরলে ভাঙে এ জুটি।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। চতুর্থ উইকেটে পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ৫১ বলে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। এ জুটিতে হ্যান্ডসকম্বের অবদান ২০, ম্যাক্সওয়েলের ৭৫!

২৮ বলে ফিফটি করা ম্যাক্সওয়েল পরের পঞ্চাশ করেছেন মাত্র ২২ বলে। অর্থাৎ ৫০ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুটির বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন তিনি। চারটি সেঞ্চুরি আছে রোহিত শর্মার। ম্যাক্সওয়েলের সমান তিনটি নিউজিল্যান্ডের কলিন মানরোর।

৫৫ বলে ৭ চার ও ৯ ছক্কায় ১১৩ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ৩ উইকেটের জয়ে ম্যাক্সওয়েল ৪৩ বলে করেছিলেন ৫৬ রান।

আগামী শনিবার হায়দরাবাদে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com