শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলে সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরার

স্পোর্টস ডেস্ক::

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট নির্বাচিত হয়েছেন রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোবর্স গেল এক বছরের সবচেয়ে ধনী ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। আর তাতে গেল ১২ মাসে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে সবার ওপরে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফেদেরার। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। খেলাটির ইতিহাসে পুরুষ এককে রেকর্ড ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক এ ৩৮ বছর বয়সী ক্রীড়াবিদ। গেল বছর পঞ্চম স্থানে ছিলেন এ সুইস তারকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনাল্ডো। তার আয় ১০৫ মিলিয়ন ডলার। গেলবারও দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

এক বছরে ১০৪ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার মেসি। আগের তালিকায় প্রথম স্থানে ছিলেন তিনি।

টেবিলের চতুর্থ স্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। এক বছরে ৯৫.৫ মিলিয়ন ডলার রোজগার করেন তিনি। আগের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন ২৮ বছর বয়সী ফুটবলার।

সেরা আয়ের অ্যাথলেটদের মধ্যে ৮৮.২ মিলিয়ন ডলার উপার্জন নিয়ে পঞ্চম স্থানে আছেন আমেরিকান বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস।

শীর্ষ ১০০ আয়ের ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন বিরাট কোহলি। তার অবস্থান ৬৬তম। গেল এক বছরে ভারতের অধিনায়কের আয় ২৬ মিলিয়ন ডলার।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আপাতত সব ধরনের খেলাধুলা বন্ধ। খেলোয়াড়দের আয়-রোজগারে এর ব্যাপক প্রভাব পড়েছে। যদিও এ মহামারীর ধাক্কা সামলে ধীরে ধীরে ফুটবল ফিরতে শুরু করেছে।

তথ্যসূত্র: বিবিসি/স্কাই স্পোর্টস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com