শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মেসিকে বার্সেলোনা কোচের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক::

এ বছর ন্যু ক্যাম্প ছাড়ছেন না লিওনেল মেসি। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান তার পুনর্গঠনের কাজে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সেরা ফর্মে চান।

দলবদলের নাটকীয়তার পর মেসিকে সেরা পারফরম্যান্স করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোম্যান। বার্সেলোনা ফরোয়ার্ড ৪৪ ম্যাচে ৩১ গোল ও ২৬টি অ্যাসিস্টে গত মৌসুম শেষ করেন। শিরোপাহীন মৌসুম কাটায় বার্সা।

এবার নতুন মৌসুমে আগের হতাশা থেকে মেসি বেরিয়ে আসবে প্রত্যাশা কোম্যানের, ‘মেসি খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং অনেক বছর ধরে সে তা দেখিয়েছে। আমি আশা করি এই মৌসুমে আবারও সে এটা দেখাতে পারবে।’

বার্সা লিজেন্ড রিভালদো বলেছেন, এই মৌসুমের নাটকের পর মেসিকে নতুন একটি চুক্তিতে সই করতে দেখলে অবাক হবেন না।

এই মৌসুম শেষে মেসি এক ব্যুরোফ্যাক্সে বার্সাকে জানিয়ে দেন তিনি আর থাকছেন না। আর্জেন্টাইন তারকার এই ঘোষণায় কেঁপে ওঠে ফুটবল বিশ্ব। গুঞ্জনের নানা ডালপালা মেলার পর এর শেষ হয় ১০ দিন পর। মেসি জানান, তিনি থাকছেন তার ভালোবাসার ক্লাবে এবং তা বাধ্য হয়ে।

শনিবার (১২ সেপ্টেম্বর) কোম্যানের বার্সা অধ্যায় শুরু হচ্ছে। কিউদাদ এস্পোর্তিভা ট্রেনিং গ্রাউন্ডে এক প্রীতি ম্যাচ খেলবে তারা দ্বিতীয় বিভাগের ক্লাব জিমন্যাস্টিক দে তারাগোনাকে। আর বার্সার লা লিগা মৌসুম শুরু হবে ভিয়ারিয়ালের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর।

কোম্যানের বিশ্বাস, বার্সা নতুন করে শুরু করবে এই মৌসুম। ডাচ কোচ বলেছেন, ‘সবকিছু খুব ইতিবাচক। দুই সপ্তাহ ধরে আমরা একসঙ্গে, খেলোয়াড়রা খুব ভালো কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com