শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

মেসিকে দলে চাইলেও সাধ্য নেই লিভারপুলের: ক্লপ

স্পোর্টস ডেস্ক::

লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? গুঞ্জনে অনেকগুলো ক্লাবের নাম ভাসলেও, এখনও কিছু নিশ্চিত হয়নি। এদিকে প্রিমিয়ার লিগে আসতে যাচ্ছেন মেসি, ম্যানচেস্টার সিটির কারণে এই গুঞ্জন সবচেয়ে বেশি জোরালো। অনেকে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের নামও প্রস্তাব করেছেন। তবে অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, মেসিকে আনার সাধ থাকলেও সাধ্য নেই তাদের।

৩০ বছরের আক্ষেপ ঘুচিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। দলটির বর্তমান যে স্কোয়াড আছে, কোচ ক্লপ তাদের নিয়ে খুশি বলে নিশ্চিত করেছেন। এছাড়াও মেসিকে দলে টানার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা খরচ করা অলরেডদের পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন ক্লপ।

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী এই কোচের ভাষ্যে, ‘মেসিকে কোন কোচ তার দলে চাইবে না? তবে সত্যি বলতে যে পরিমাণ অর্থ লাগবে, সেটা খরচ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমাদের স্কোয়াডটা এখন পরিপূর্ণ।’

প্রিমিয়ার লিগে লিভারপুলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী পেপ গার্দিওলার ম্যানসিটি। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ টানা দুই মৌসুমে লিভারপুলকে হতাশ করে দলটি লিগ শিরোপা জিতেছিল। সর্বশেষ মৌসুমেও ম্যানসিটির সঙ্গে প্রতিযোগিতা ছিল সবচেয়ে বেশি। এই মুহূর্তে ম্যানসিটি যদি মেসিকে দলে টানে, তবে আকাশি-নীল জার্সিধারীদের হারানো কঠিন হয়ে যাবে বলে মনে করেন ক্লপ।

লিভারপুল কোচ আরও যোগ করেন, ‘মেসি অসাধারণ খেলোয়াড়। যদি ম্যানসিটি মেসিকে দলে ভেড়াতে পারে, তবে এটা তাদের অনেক সাহায্য করবে। আর তখন তাদের হারানো অনেক কঠিন কাজ হবে।’

ইংলিশ লিগে মেসির যোগদানকে ভালো চোখে দেখছেন ৫৫ বছর বয়সী কোচ। তবে সেটা সম্ভব কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করে এই জার্মান কোচ বলেন, ‘প্রিমিয়ার লিগে মেসির আসা দারুণ কিছু হবে। তবে প্রিমিয়ার লিগকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য এটার খুব বেশি দরকার কিনা, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। সে কখনো অন্য লিগে খেলেনি। এখানকার ফুটবল অন্যরকম। আমি দেখতে চাই, সে কীভাবে এখানে মানিয়ে নেয়। তবে সেটা দেখবো কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com