শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

মুমিনুল-লিটনের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: মুমিনুল-লিটনের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাড়িয়ে নিচ্ছেন দলের রান। সে কারণে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।

হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল। যোগ্য সঙ্গ পেয়েছেন লিটন দাসের। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের স্কোর ছিল ৪৯ ওভারে ১৪৯ রান। তাতে লিড হয়েছে ৩২০ রানের।

প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু মুশফিকুর রহিমের উইকেট। ওই অংশ বাদ দিলে চতুর্থ দিনেও দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। পঞ্চম উইকেট জুটিতে মুমিনুল-লিটন গড়েছেন ৭৬ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করে মুমিনুল অপরাজিত ছিলেন ৮৩ রানে, আর লিটন লাঞ্চে যান ৩৮ রান করে।

এর আগে দিন শুরু করেছিলেন মুশফিক-মুমিনুল। মুশফিক অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি।

টিভি পর্দায় দেখা গেল রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে গেছে। ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপও বারবার বললেন ‘টাইম আপ, টাইম আপ’। তবে মুশফিকের রিভিউ সংকেত আমলে নিলেন আম্পায়াররা। তাতেও অবশ্য বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রাকিম কর্নওয়ালের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক। চতুর্থ দিনে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি সাবেক অধিনায়কের। তার বিদায়ে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক ও মুমিনুল হক শেষ করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। দ্রুত ৩ উইকেট হারালেও উইকেটে যেহেতু তারা আছেন, তাই আাশার পালে হাওয়া লাগছিল জোরেশোরেই। উইকেটে তারা যতক্ষণ টিকে থাকবেন, ততই দলের মঙ্গল। মুশফিক সেটি পারেননি। আগের দিনের ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক আজ (শনিবার) ৮ রান যোগ করে ফিরেছেন ১৮ রান করে।

কর্নওয়ালের বল ফ্রন্টফুটে খেলতে গিয়ে ব্যাটে লাগেনি, আঘাত করে তার পায়ে। প্রথমে ক্যারিবিয়ানরা স্টাম্পিং মিসের আফসোস করলেও বোলার কর্নওয়ালের আবেদনে আম্পায়ার এলবিডাব্লিউয়ের আউটের সংকেত দেন। বেশ খানিকটা সময় নিয়ে মুশফিক রিভিউ চাইলেও কাজে আসেনি। চতুর্থ দিনে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন প্যাভিলিয়নে।

তার আউটের সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৭৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকরা চতুর্থ দিন শুরু করেছিল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com