শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

মিরপুরে আড়াই বছরের খরা ঘুচবে টাইগারদের?

স্পোর্টস ডেস্ক::

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিলেটে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে ক্যারিবীয়রা।

তবে মিরপুরে জিতে সিরিজে সমতা আনতে চায় টাইগাররা। কিন্তু খটকার বিষয় হচ্ছে-আড়াই বছর হয়ে গেল এ ফরম্যাটে এখানে জয় পায় না তারা। সবশেষ ২০১৬ সালের ২ মার্চ মিরপুরে জয় পেয়েছিল স্বাগতিকরা। এবার কী সেই খরা ঘুচবে?

সেই বছর এশিয়া কাপ আসরে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করেছিল পাকিস্তান। দলটির হয়ে অধিনায়ক সরফরাজ আহমেদ ৫৮* ও শোয়েব মালিক করেন ৪১ রান। বাংলাদেশের হয়ে আল-আমিন হোসেন নেন ২৫ রানে ৩ উইকেট।

জবাবে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। দুর্দান্ত জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন সৌম্য সরকার। ৪৮ বলে ৪৮ রান করেন তিনি।

এর পর এ ভেন্যুতে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সনে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ চেখে দেখতে হয়েছে। ভারতের বিপক্ষে যথাক্রমে ৯ ও ৮ উইকেটে, পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে টাইগাররা।

হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলে শ্রীলংকার বিপক্ষে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com