শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়লেও শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন ও সাইফুদ্দিনের ব্যাটে ২৩৩ রানের লড়াকু টার্গেট দাড় করিয়েছে টাইগাররা।
ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনালে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম ইকবাল এদিন মাত্র ৫ রানে সাজঘরে ফিরেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ডিলেভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। খানিক পর ১ রানে ক্রিজে ব্যাট করা অবস্থায় ম্যাট হেনরির ভেতরে আসা বলে বোল্ড হন লিটন দাস। লিটনের ফেরার পর সৌম্য সরকারকে সঙ্গে করে কিছুটা হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৪২ রানে ব্যক্তিগত ৫ রানে ফেরেন মুশফিক। আর মুশফিক ফেরার পর দলের রান যোগ হওয়ার আগে নিজের উইকেটটি বিলিয়ে দেন সৌম্য। হেনরির বলে আউট হয়ে ফেরার আগে ২২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কার সাহায্যে ৩০ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ। তবে দলীয় ৭১ রানে নিজের উইকেট বিলিয়ে দেন মাহমুদউল্লাহ। ফার্গুসনের বলে রস টেইলরের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ১৩ রানের ইনিংস খেলেন তিনি।
মাহমুদউল্লাহর ফেরার পর মিঠুনের সঙ্গে ব্যাটিংয়ে আসেন সাব্বির রহমান। তবে দলীয় ৯৪ রানে স্যান্টনারের বলে স্ট্যাম্পিং হয়ে ব্যক্তিগত ১৩ রনে ফেরেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা এই ব্যাটসম্যান। এরপর মিঠুনের সঙ্গে ব্যাটিংয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান তুলে দলীয় ১৩১ রানে তিনিও হাঁটেন সাজঘরের পথে। স্যান্টনারের বলে নিশমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার।
এরপর সাইফউদ্দিনকে সঙ্গে করে এগুতে থাকেন মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। দু’জন মিলে গড়েন ৭৮ রানের ইনিংস। তবে দলীয় ২১৫ রানে সাইফকে ফেরান স্যান্টনার। তার বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৮ বলে ৩ চারে ৪১ রানের ইনিংস খেলেন সাইফ। এরপর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মাশরাফি। তবে দলীয় ২২৯ রানে মিঠুনকে বোল্ড করে ফেরান ফার্গুসন। ফেরার আগে ৯০ বলে ৫ চারে ৬২ রানের ইনিংস খেলেন মিঠুন। আর শেষ দিকে মোস্তাফিজকে বোল্ড করে শূন্য হাতে ফেরান বোল্ট। তাতেই বাংলাদেশের ইনিংস থামে ২৩২ রানে। ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাশরাফি।