শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মতিনের জোড়া গোলে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার::

বাঁচা-মরার লড়াইয়ে অন্য এক বাংলাদেশ দলকে দেখা গেল। জামাল ভূইয়া, ইয়াসিন খানের মতো নির্ভরযোগ্য যোদ্ধাদের ছাড়াই এলো কাঙ্ক্ষিত জয়। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে শঙ্কার কালো মেঘ উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠল জেমি ডের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মতিন মিয়ার নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে স্বাগতিকরা।

নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে এই দুই দলই ২-০ ব্যবধানে হেরেছিল। টানা দুই হারে ছিটকে গেল শ্রীলঙ্কা।

চার বদল এনে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ সাজান ডে। হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে জামাল ভুইয়া, ফ্লুতে আক্রান্ত ইয়াসিন। আর রায়হান হাসান ও মামুনুল ইসলামকে বাইরে রেখে মানিক হোসেন মোল্লা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল ইসলাম ও মাহবুবুর রহমান সুফিলকে নামান কোচ। বদলে যাওয়া দলটি শুরু থেকে চড়াও হতে থাকে শ্রীলঙ্কার রক্ষণে।

দশম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সাদউদ্দিনের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার ছয় মিনিট পর টুর্নামেন্টে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মানিকের বাড়ানো বল বাঁ পায়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মতিন মিয়া।

একটু পর মতিনের আরেকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ২১তম মিনিটে স্বাগতিকদের আরেকটি দারুণ সুযোগ নষ্ট হয়। ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে গোলরক্ষকের গায়ে মারেন ইব্রাহিম। বাঁ দিকে তখন ফাঁকায় ছিলেন সুফিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে শ্রীলঙ্কার ফরোয়ার্ড রাজ্জাক আহমেদ ওয়াসিমের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ৫১তম মিনিটে বাংলাদেশের সোহেল রানা ডি-বক্সে ঢুকে ভালো একটি সুযোগ নষ্ট করেন ক্রসবারের ওপর দিয়ে মেরে।

৫৮তম মিনিটে জোহার মোহাম্মদ জারওয়ানের শট ক্রবারের ওপর দিয়ে গেলে শ্রীলঙ্কার হতাশা বাড়ে। দুই মিনিট পর সুফিলকে তুলে নিয়ে মামুনুলকে নামান ডে।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com