রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মঙ্গলবার থেকে আ.লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ফরম বিক্রি অব্যাহত থাকবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয়তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com