শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: দেশের জার্সি গায়ে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু কেন? তিনি তো এক্কেবারে ফিট। ক্লাবে নিয়মিত অনুশীলনও করছেন। তাহলে? ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে ধর্ষণে নাম জড়ানোর কারণেই নাকি দল থেকে বাদ পড়েছেন সিআর সেভেন। কেবল এখানেই শেষ নয়। মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি জানিয়েছে, তারা তার সাথে ১০০ কোটি ডলারের চুক্তিটি নিয়ে ভাবছে। তারা এখন ধর্ষণ-অভিযোগ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
বৃহস্পতিবার পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস জানিয়ে দেন, পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। কিন্তু সে দলে দেখা যাবে না জুভেন্তাসের তারকাকে। কিন্তু কেন খেলবেন না তিনি? সে বিষয়ে কিছুই বলেননি কোচ। শুধু জানিয়েছেন, তাকে বিশ্রাম দেয়া হলো। সাসপেনশনের কারণে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। পাশাপাশি সেপ্টেম্বরে ক্রোয়েশিয়া এবং ইতালির বিরুদ্ধেও খেলেননি তিনি। এবার আগামী মাসে উয়েফা ন্যাশনাল লিগে পোল্যান্ডের বিরুদ্ধে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিতেও দলের বাইরেই থাকতে হবে তাঁকে।
দিন কয়েক আগে এক মার্কিন মহিলা অভিযোগ তোলেন, রোনাল্ডো নাকি ২০০৯ সালে তাকে ধর্ষণ করেছিলেন। মরশুম শেষে ছুটি কাটাতে গিয়ে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় রোনালদোর। ক্যাথরিন মায়োরগা নামের ওই মহিলা একটি জার্মান সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন। ঘটনায় আদালতেরও দ্বারস্থ হন ক্যাথরিন।এমনকী ক্যাথরিনের দাবি, সেসময় শারীরিক সম্পর্কের জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন রোনালদো।
যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রোনালদো। সিআর সেভেন বলেন, “এটা ফেক নিউজ। লোকেরা বিখ্যাত হতে চান, শিরোনামে আসতে চান। আর সেজন্যেই আমার নাম ব্যবহার করা হচ্ছে। লোকেরা আমার নাম নিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু এসব আমাদের সামলাতেই হয়, এসব নিয়েও আমি সুখী।” রোনালদো যতই অস্বীকার করুন, মার্কিন মডেলের আদালতে পেশ করা নথিতে রোনালদোর অস্বস্তি কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে কিনা, সে নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে।
মেসির মাস্টারপিস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে আবার দেখা গেল মেসি ম্যাজিক। এলএম টেনের দাপটে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পার ২-৪ গোলে পরাজয়বরণ করতে বাধ্য হল। ম্যাচের ৯২ সেকেন্ডে ফেলিপ কুটিনহো’র গোলে লিড নেয় বার্সা। তারপর কিছুক্ষণের জন্য দুরন্ত পাসিং ফুটবল উপহার দেন মেসিরা। ২৮ মিনিটে অনবদ্য দক্ষতায় দলের দ্বিতীয় গোলটি করেন ইভান র্যাকেটিচ। মেসি প্রথমার্ধে গোল পাননি, তবে তার দুটি শট পোস্টে লেগে প্রতিহত হয়ে ফিরে এসেছে। মেসি গোল করেন ৫৬ ও ৯০ মিনিটে। এর মাঝে বিরতির পর ৫২ মিনিটে হ্যারি কেন একটি চমৎকার গোল করে ব্যবধান ১-২ করেন। মেসি ৫৬ মিনিটে গোল করার পর আবার ৩-২ করে দেন এরিক লামেলা। তখন ম্যাচের সময় ৬৬ মিনিট।
তবে গোটা ম্যাচে বার্সেলোনা বিপক্ষের গোল লক্ষ্য করে ১৩টি শট নিয়েছে। যার মধ্যে ৮টি শট লক্ষে স্থির ছিল। মোট ৬২ শতাংশ বল পজেশন ছিল বার্সার। মোট ৬৮১টি পাস খেলেছেন মেসিরা। যার ৮৮ শতাংশ ছিল নিখুঁত। গ্রুপ ‘বি’তে দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। তারা মোট ৮টি গোল করেছে। এর মধ্যে মেসি একাই করেছেন পাঁচটি গোল। আগের ম্যাচে পিএসভি আইন্ডোভেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিও। বুধবার রাতে আবার তিনি জোড়া গোল করলেন। তবে দুটি ম্যাচ জিতে সমসংখ্যক ৬ পয়েন্ট পেয়ে ইন্তার মিলান দ্বিতীয় স্থানে রয়েছে গোলপার্থক্যে পিছিয়ে পড়ে। অন্যদিকে টটেনহ্যাম এখন পর্যন্ত দুটি ম্যাচে মোট ৬ গোল হজম করেছে। তারা দুটিতেই হেরেছে।