শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের চতুর্থ দিনের খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক::

আগেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিলো চট্টগ্রামে রবি ও সোমবারে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটিই সত্য হলো। চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলা বন্ধ রয়েছে।

শনিবার রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিলো। সকাল সোয়া নয়টার দিকেও বৃষ্টি পড়ছিলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। উইকেট কাভারে ঢাকা রয়েছে। আগের দিন আলোর স্বল্পতার কারণে আজ চতুর্থ দিনে ২০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারণে সেটি আর সম্ভব হচ্ছে না।

এর আগে তৃতীয় দিন ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান নিয়ে মাঠ ছেড়েছিলো আফগানিস্তান। আজ চতুর্থ দিন আগে ব্যাটিংয়ে নামতেন আফসার জাজাই (৩৪) ও ইয়ামিন আহমাদজাই (০)।

প্রথম ইনিংসে ৩৪২ রান করেছিলো আফগানিস্তান। আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ইতিমধ্যে ৩৭৪ রানের লিড দাঁড় করিয়েছে বাংলাদেশের সামনে।

পরিসংখ্যান ও ইতিহাস বলছে, ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে। এই ম্যাচ বাঁচাতে হলে অসম্ভবের চেয়েও বেশি কিছু করতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের ৩০০ পেরুনো স্কোরই আছে তিনটি, যার তিনটিতেই বাংলাদেশ হেরেছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। আফগানদের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে সব ইতিহাসই তাই নতুন করে লিখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com