শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিয়ের ধুম পড়েছে জাতীয় দলে!

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিয়ের ধুম লেগেছে। কাছাকাছি সময়ে বিয়ে করছেন তিন সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং মুমিনুল হক! আন্তর্জাতিক ক্রিকেটে বিরতির এই সময়ে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিয়ের পিঁড়িতে বসছেন স্পিন অল-রাউন্ডার মেহেদী মিরাজ। তার সতীর্থ এবং বন্ধু মুস্তাফিজের বিয়েও আগামীকাল! এছাড়া মুমিনুল বিয়ের পিঁড়িতে বসছেন আগামী মাসের মাঝামাঝি।

নিউজিল্যান্ড থেকে সতীর্থদের মতো দুঃসহ স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে তরুণ অল-রাউন্ডার মেহেদী মিরাজকে। আজ তার বিয়ে! কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে ৬ বছরের প্রেমের সম্পর্ক মিরাজের। দুজনেই থাকেন খুলনায়। বিশ্বকাপের আগে বেশ লম্বা বিরতি পেয়ে আজ আকদটা পারিবারিকভাবে সেরে রাখছেন। বিশ্বকাপের পর বড় করে বিয়ের অনুষ্ঠান করা হবে। তখন দাওয়াত করা হবে অনেককে।

মিরাজ যখন বিয়ে করে ফেলছেন, তখন তার বন্ধু মুস্তাফিজ আর বসে থাকেন কেন? ‘কাটার মাস্টার’ নিউজিল্যান্ড থেকে ফিরেই চলে গেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়িতে। কনে সামিয়া পারভীন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার আরেক পরিচয় হলো, তিনি মুস্তাফিজের মামাতো বোন। মিরাজের মতোই কাটার মাস্টার আগামীকাল শুক্রবার আকদ সেরে রাখবেন। বিশ্বকাপের পর হবে জাঁকজমক অনুষ্ঠান।

এছাড়া বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের সিনিয়র সদস্য মুমিনুল হক। ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে খ্যাত এই তারকার বিয়ে আগামী ১৯ এপ্রিল। এদিনই ধুমধাম করে বিয়ে হবে তার। কনে ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। থাকেন মিরপুর ডিওএইচএসে। বিয়ের প্রস্তুতি নিয়ে মুমিনুল তাই এখন ভীষণ ব্যস্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com