শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, সংবর্ধনার তারিখ এখনো নির্ধারণ হয়নি। সুবিধাজনক সময়ে এটা করা হবে। সরকার এ বিজয়কে উদযাপন করবে। এ সময় বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দনও জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

এদিকে, গতকাল রোববার বিদেশিদের সঙ্গে বিএনপির বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নালিশই তাদের এখন একমাত্র অবলম্বন। এতে স্পষ্ট হচ্ছে, দেশের মানুষের প্রতি তাদের আস্থা কম।

অন্যদিকে, পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে- ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। ড. কামালের বক্তব্য অমার্জনীয় ও অশালীন বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে মতান্তর থাকবে। কিন্তু সেটা যেন মনান্তর না হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর উপলক্ষে গত শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐক্যফ্রন্ট। সেখানে সরকারকে হুঁশিয়ারি দিয়ে উপরোক্ত মন্তব্য করেন ড. কামাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com