শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিপিএল মাতাতে ঢাকায় সালমান-ক্যাটরিনা

নিজস্ব প্রতিবেদক::

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেন বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ সময় আনুমানিক রোববার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এ দুই বলিউড তারকা।

প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজনে। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে। ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দুজন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করারও ২ ঘণ্টা আগে থেকে বিকেল ৫টায় শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সময়টায় মূলত স্টেজ মাতাবেন দেশি শিল্পীরা। এসময় বিকেল ৫টা ২৫ মিনিটে মঞ্চে আসবেন মইদুল ইসলাম খান রকস্টার। তার ১০ মিনিট পর সঙ্গীত পরিবেশন করবেন রেশমি মীর্জা।

এরপর সন্ধ্যা ৬টায় মঞ্চে আসবেন দেশের ব্যান্ড সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী জেমস। জেমস শেষ করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের একক পরিবেশনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com