শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রিটেইন খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল গেল ৩০ সেপ্টেম্বর। আগের আসরের খেলোয়াড়দের মধ্যে দেশি-বিদেশি মিলে সর্বোচ্চ ৪ ক্রিকেটার রিটেইন অর্থাৎ ধরে রাখার সুযোগ ছিল। একমাত্র চিটাগাং ভাই কিংস বাদে সবগুলো দলই তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। চিটাগাং ভাইকিংস এবারের আসরে অংশ না নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তালিকাও জমা দেয়নি তারা।
শেষ পর্যন্ত চিটাগাং ভাইকিংস খেলবে কি খেলবে না সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে। তবে অন্য ছয়টি দলের মধ্যে সিলেট সিক্সার্স বাদে সবাই চার জন করে পুরনো খেলোয়াড় ধরে রেখেছে। সিলেট ধরে রেখেছে তিন খেলোয়াড়কে। এদিকে রাজশাহী কিংস গেল বারের আইকন ক্রিকেটার মুশফিকুর রহীমকে ছেড়ে দিয়েছে।
এবার মোস্তাফিজুর রহমান নতুন আইকন হচ্ছেন। তাই মোস্তাফিজকে ধরে রাখতে মুশফিককে ছেড়ে দিতে হয়েছে তাদের। অন্যরা অবশ্য তাদের আইকন ক্রিকেটারদের ধরে রেখেছে। আনুষ্ঠানিকভাবে রিটেইন খেলোয়াড়দের তালিকা ঘোষণা না হলেও সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছে তা।
এক নজরে দেখে নেওয়া যাক রিটেইন খেলোয়াড় বা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা-
রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, জাকির হোসেন, মেহেদী হাসান মিরাজ।
রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন।
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কিয়েরন পোলার্ড।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক।
সিলেট সিক্সার্স : সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভির।
চিটাগং ভাইকিংস : তালিকা জমা দেয়নি।