শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ–ভারত সিরিজে হামলার হুমকি

স্পোর্টস প্রতিবেদক::

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে তারা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এ সিরিজ নিয়ে জানিয়েছে শঙ্কার এক খবর। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এরপরই জাতীয় দলের নিরাপত্তা জোরদারের নির্দেশ পেয়েছে দিল্লি পুলিশ।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লি পুলিশের সূত্র দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন, তাঁদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তাদের চিঠিতে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবে না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

চিঠিটি পাওয়ার পর তা ভারতীয় ক্রিকেট বোর্ডেও পাঠিয়েছে এনআইএ। এর আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল। তবে সেটির সত্যতা মেলেনি। হুমকিদাতাও গ্রেপ্তার হয়েছিলেন। রাজকোট ও নাগপুরে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com