শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : করোনাভাইরাস দেখতে দেখতে ১১টি মাস পার হয়ে গেছে। এই করোনার মধ্যে দিয়ে দেশের মাটি ত্যাগ করে নেপালে যান ১৮ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে তিন জাতি টুর্নামেন্ট ফুটবল খেলতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে উপহার দিতে চান।
বাঙালী জাতির কাছে বুধবার ১৭ মার্চ তারিখটি ছিল ঐতিহাসিক ও স্মরণীয়। কেননা এই তারিখে ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, ‘বঙ্গবন্ধু’ খ্যাত শেখ মুজিবুর রহমান। এই মার্চ মাসেই (২৩ মার্চ থেকে) নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৭ মার্চ বুধবার সেই দলের ফুটবলাররা অভিপ্রায় ব্যক্ত করেছেন এই আসরে তারা চ্যাম্পিয়ন হতে পারলে ট্রফিটা উৎসর্গ করতে চান বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু নিজেও পেশাদার ফুটবলার ছিলেন। নিখাদ ফরোয়ার্ড হিসেবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে ঢাকার মাঠে খেলেছেন। স্বাধীনতার পর দেশের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের উন্নয়নে রেখেছিলেন বিশাল ভূমিকা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ট্রফি জয়ের সংখ্যা ৫টি। এগুলো হলো : ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ, ১৯৯৫ সালে চার জাতি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট, ১৯৯৯ ও ২০১০ সালে এসএ গেমস ফুটবল এবং ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ। এই তালিকায় যুক্ত হতে পারে ২০২১ সালে নেপালে অনুষ্ঠিতব্য থ্রি নেশন্স কাপ নামটিও। এই লক্ষ্যেই বৃহস্পতিবার বিমানযোগে হিমালয় কন্যার দেশে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুরে রওনা হয়ে বিকেলের মধ্যেই জেমি ডে’র ২৩ শিষ্য নিরাপদেই পৌঁছে যায় কাঠমান্ডুতে। তবে শেষ মুহূর্তে ডিফেন্ডার রহমত মিয়া কোভিড পজিটিভ শনাক্ত হওয়াতে দলের সঙ্গে যেতে পারেননি। ১৯ মার্চ শুক্রবার তার কোভিড-১৯ পুনরায় পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ আসলে ২২ মার্চ নেপালের উদ্দেশে রওনা হবেন তিনি। কোভিডে আক্রান্ত অপর ফুটবলার রাকিব হোসেন অবেশেষে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পেরেছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২২ মার্চ। ভারতের আই লীগে কলকাতা মোহামেডানের কাছ থেকে ছাড়পত্র পেয়ে আগে তিনি বাংলাদেশে আসবেন। এছাড়া দলের ব্রিটিশ গোলরক্ষক কোচ লেস ক্লেভলি ইংল্যান্ড থেকে সরাসরি নেপালে যাবেন।
নেপালে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে নতুন করে দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশ ফুটবল দলকে। করোনাভাইরাসে আক্রান্ত হন দলের ডিফেন্ডার রহমত মিয়া। তবে আশার খবর হলো দ্বিতীয় টেস্টে রেজাল্ট নেগেটিভ হলে ২২ তারিখ নেপালে যেতে পারবেন তিনি। তারপরও কোন কারণে রেজাল্ট পজিটিভ আসলে তাকে দলে পাওয়া না গেলে তা হতাশাজনক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে।
যথাক্রমে ২৩ ও ২৭ মার্চ কিরঘিস্তান অনুর্ধ-২৩ ও নেপাল জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঝখানে ২৫ মার্চ অপর ম্যাচে স্বাগতিক নেপাল মুখোমুখি হবে কিরঘিস্তানের। ২৯ মার্চ ফাইনাল।
নেপালের দুই ম্যাচে দুই দল খেলাতে চান কোচ জেমি। এক্ষেত্রে তার ভাষ্য ‘নেপালের টুর্নামেন্টে নতুন ও তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চাই। তাদের বাজিয়ে দেখব তারা আসলেই বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত কিনা। যদি তাদের প্রস্তুত মনে হয় তবে ভাল, আর না হলেও সমস্যা নেই।’ জেমির মতে এই আসরে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে কিরঘিস্তান অনুর্ধ-২৩ দল।
১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন জেমি। সেখানে তিনি বলেন, ‘সে (রহমত মিয়া) অনেকদিন ধরেই জাতীয় দলের একটা অংশ হয়ে আছে।
বাংলাদেশ দল:: গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল; রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, মানিক হোসেন মোল্লা, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, মোহাম্মদ ইমন, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা; মধ্যমাঠ : জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, সোহেল রানা, রাকিব হোসেন, হাবিবুর রহমান সোহাগ; আক্রমণভাগ : মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ আব্দুল্লাহ, সুমন রেজা, সাদউদ্দিন, মতিন মিয়া, মেহেদী হাসান রয়েল।