শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
দায়িত্ব নিয়েছেন ৫ মাসও হয়নি। বাংলাদেশ দলের বোলিংকে ঠিকঠাকমত একটা পর্যায়ে এনেও দাঁড় করাতে পারেননি। এরই মধ্যে হঠাৎ বাজ পড়ার মত খবর, বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্ট।
মঙ্গলবার রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি তথা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ই-মেইলের মাধ্যমে ইতিমধ্যেই বিসিবির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন বিসিবির এই পরিচালক।
কিন্তু কেন, হঠাৎ করেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট? তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির সঙ্গে কোনো ঝামেলা তৈরি হয়েছে? বাংলাদেশে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি? নাকি ভিন্ন কোনো সমস্যা?
যদিও এ বিষয়টি মঙ্গলবার রাতেই জানিয়ে রেখেছেন বিসিবি পরিচালক আকরাম খান। তিনি বলেছেন, ‘না না, ওসব কিছুই না। চার্ল ল্যাঙ্গাভেল্ট আসলে দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের প্রস্তাব পেয়েছেন। তাই তিনি তা সানন্দে গ্রহণ করতে চান। সে কারণেই বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়ে নিজ দেশের জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হতে আগ্রহী। তাই বোর্ডে চিঠি দিয়ে চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন এ প্রোটিয়া কোচ।’
মূল কারণটাই হলো এটা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে এখন চলছে পূনর্গঠন পর্ব। হাশিম আমলা, ডেল স্টেইনরা অবসরে চলে গেলেন। এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট না ছাড়লেও প্রোটিয়াদের হয়ে আর খেলছেন না। যে কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এখন চলছে বড় ধরনের ক্রান্তিকাল। বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্সের পরও তাদের অবস্থা ঘুরে দাঁড়ানোর মত নয়।
এ কারণে, হঠাৎ করেই সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। স্মিথ দায়িত্ব নিয়েই তার সাবেক সতীর্থ, উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারকে নিয়োগ দিয়েছেন প্রধান কোচ হিসেবে। এসব পরিবর্তনের ধারাবাহিকতাতেই চার্ল ল্যাঙ্গাভেল্টকে চেয়ে বসেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
সেখান থেকে প্রস্তাব পেয়েই বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট। দুই বছরের চুক্তি থাকলেও, তিনি যখন নিজ দেশের বোলিং কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছেন এবং নিজে থেকে সেটাকেই প্রাধান্য দিচ্ছেন, তখন বিসিবিরও সুযোগ কম তাকে আটকানোর। আগেও একবার দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সে কারণেই শেষ পর্যন্ত বিসিবি ল্যাঙ্গাভেল্টের পদত্যাগ পত্র গ্রহণ করে নিয়েছে বলে জানা গেছে। সামনেই বাংলাদেশের পাকিস্তান সফর। এমন সময়ের আগেই কি না চলে গেলেন পেস বোলিং কোচ! এখন এই জায়গা কে পূরণ করবে? শোনা যাচ্ছে, বিসিবি একাডেমির পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকেই হয়তো অন্তর্বর্তীকালীন হিসেবে এই দায়িত্বটা নিতে পারেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে ল্যাঙ্গাভেল্টকে জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ করা হয়েছিল। তার মানে ৫ মাস পূর্ণ হবার আগেই চলে যাচ্ছেন ল্যাঙ্গাভেল্ট।